দিল্লিতে বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার প্রদর্শনী স্থগিত

ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর উপলক্ষ্যে দিল্লির ললিতকলা একাডেমিতে বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার চিত্রকলা প্রদর্শনী হওয়ার কথা ছিল। আগামী রবিবার ঐ প্রদর্শনী উদ্বোধনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারত সরকার কোনো কারণ না দেখিয়েই ঐ প্রদর্শনীর উদ্বোধন স্থগিত করার নির্দেশ দিয়েছে।

আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী গতকাল শুক্রবার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার একক প্রদর্শনী কোনো কারণ না দেখিয়েই স্থগিত করা হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস-এর যৌথ উদ্যোগে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল।

ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চলতি মাসের শুরুতে ঢাকায় আয়োজিত হয়েছিল রোকেয়ার একক প্রদর্শনী। দ্বিপাক্ষিক মৈত্রীর নিদর্শনের ঐ প্রদর্শনীটিই রবিবার থেকে দিল্লিতে শুরু হওয়ার কথা ছিল। অন্যতম আয়োজক সংস্থা বেঙ্গল ফাউন্ডেশনের মহানির্দেশক লুভা নাহিদ চৌধুরী বলেছেন, আমাদের বলা হয়েছে, রোকেয়া সুলতানার প্রদর্শনীর জন্য নতুন তারিখ জানানো হবে। আমরা তারই প্রতীক্ষায় রয়েছি।