সাম্প্রদায়িক হামলার নিন্দা ও বিচারের দাবিতে ৪৭ নাগরিকের বিবৃতি

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৪৭ নাগরিক। গতকাল  শুক্রবার দেওয়া এ বিবৃতিতে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা মনে করি যারা এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, তারা দেশের সব নাগরিকের সম-অধিকার প্রতিষ্ঠার বিরোধী এবং পক্ষান্তরে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ। তাই অবিলম্বে এসব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিদাতারা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমির-উল ইসলাম, অবসরপ্রাপ্ত মহা হিসাব-নিরীক্ষক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক বিচারপতি বিচারপতি আব্দুল মতিন, সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন, মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।