ইত্তেফাক রিপোর্ট
সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা রাখার বিপরীতে দেওয়া সুদের হার কমানো হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীরা এখন সুদ কিছুটা কম পাবেন। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ধারাবাহিকতায় এ দুই তহবিলের সুদের হারও কমানো হলো। জিপিএফ-সিপিএফে টাকা রাখলে সরকারি কর্মচারীরা এত দিন সুদ পেতেন ১৩ শতাংশ হারে। এখন সুদ পাবেন ১১ থেকে ১৩ শতাংশ হারে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত আমানতের বিপরীতে সুদের হার আগের মতো ১৩ শতাংশই থাকছে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদের হার ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা থেকে তার বেশি আমানতের ক্ষেত্রে সুদের হার ১১ শতাংশ। উল্লেখ্য, সঞ্চয়পত্রে সম্প্রতি যে সুদ হার কমানো হয়েছে, সেখানেও ১৫ লাখ টাকা পর্যন্ত আগের হার বজায় রাখা হয়েছে। ১৫ লাখ টাকার ওপরে বিভিন্ন স্তরে সুদের হার কমানো হয়েছে। উল্লেখ্য, একসময় সরকারি কর্মচারীরা মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত জিপিএফে টাকা রাখতে পারতেন। তবে ২০১৫ সালের ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি করে এই সীমা ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।