নৌকার বিদ্রোহী প্রার্থীরাও এবার মনোনয়নপ্রত্যাশী

নবীনগরে ইউপি নির্বাচন

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত ইউপি নির্বাচনে অনেকেই নৌকার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী এবং উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিরোধিতা করেছে এমন ছয় জনসহ এবার ২২ প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন। আওয়ামী লীগের বিরোধিতা করা এসব প্রার্থীরা দলীয় মনোনয়ন চাওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জহিরউদ্দীন সিদ্দিক টিটো জানান, গত নির্বাচনে নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া, নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান মৌসুমী আক্তার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার হোসেন জামাল, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা, রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, সলিমগঞ্জ ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সরাসরি নৌকার বিরোধিতা করেছেন। নৌকার বিরোধিতা করেও তারা এবার আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছে। তাদের ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রে অবহিত করা হয়েছে। 

পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মৌসুমি আক্তার বলেন, আমি নৌকার বিদ্রোহী হয়েও গত নির্বাচনে জয়ী হয়েছি। নৌকার মনোনয়ন চেয়েছি, দিলে নির্বাচন করব। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বিদ্রোহীসহ অন্যান্য অভিযোগ থাকা প্রার্থীদের বিষয়ে স্ব-স্ব উপজেলা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।