চাটমোহর (পাবনা) সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম গত শুক্রবার দুপুরে প্রকাশ করা হয়। আওয়ামী লীগ নেতার দলীয় মনোনয়নপ্রাপ্তির খবরে বিএনপির এক নেতা ছাগল জবাই করে ভূরিভোজের আয়োজন করেন। এ ঘটনায় এলাকার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে। শুক্রবার বিকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুল নৌকা প্রতীক পাওয়ায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন এই ভূরিভোজের আয়োজন করেন।
এ বিষয়ে ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বলেন, বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই। বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল সম্পর্কে আমার ভাগ্নে। আমি মেম্বার, তিনি আমাদের পরিষদের চেয়ারম্যান। আমি এবারও মেম্বার পদপ্রার্থী। আমার নির্বাচনি প্রচারণা শুরু ও আমার চেয়ারম্যানের মনোনয়নপ্রাপ্তি এ দুটো উপলক্ষ্যে এই আয়োজন করেছি। এখানে দলীয় কোনো বিষয় নেই। মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে না সেখানে আনোয়ার হোসেন মেম্বার পদে নির্বাচন করবেন কিংবা আওয়ামী লীগ নেতার মনোনয়ন প্রাপ্তিতে ভূরিভোজ করবেন এ বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক। আমরা বিষয়টি আরো ভালোভাবে জেনে দলীয়ভাবে সিদ্ধান্ত নেব।