এএফপি
ভিয়েতনাম নভেম্বরের শেষের দিকে টিকা গ্রহণ করা বিদেশি পর্যটকদের জন্য অবকাশ কেন্দ্র ফুকুক দ্বীপ ফের খুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর দেশটির এই পর্যটন শিল্প চাঙা করার লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়। সাদা বালু সমৃদ্ধ সৈকত ও টলটলে পানির পাশাপাশি পাহাড় ও ঘন জঙ্গল সমৃদ্ধ দ্বীপ হচ্ছে ফুকুক। আর এটি ভিয়েতনামের একটি গর্ব। দ্বীপটি থাইল্যান্ড উপসাগরের কম্বোডিয়া উপকূলে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ২০১৯ সালে প্রায় ৬ লাখ ৭০ হাজার দর্শক এ দ্বীপ পরিদর্শন করেন এবং ওই সময় আন্তর্জাতিক পর্যটকদের কাছ থেকে ১৮ বিলিয়ন ডলারের বেশি আয় হয়। এদিকে কর্তৃপক্ষ এটিকে থাইল্যান্ডের ফুকেট বা ইন্দোনেশিয়ার বালির মতো আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করার আশা প্রকাশ করেছে। আগামী ২০ নভেম্বর থেকে ভ্যাকসিন পাসপোর্ট থাকা আন্তর্জাতিক পর্যটকদের এ দ্বীপে স্বাগত জানানো হবে।