ইত্তেফাক রিপোর্ট
রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্র্রদায়ের সাহায্যার্থে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে নারায়ণগঞ্জের একটি প্রতিনিধিদল। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে স্থানীয় শীর্ষ ব্যবসায়ী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা গতকাল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এই চেক হস্তান্তর করে। সাক্ষাত্কালে প্রতিনিধিদলটি সম্প্রতি পীরগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর অনাকাঙ্ক্ষিত হামলার বিষয়ে আলোচনা করেন। এ সময় স্পিকার বলেন, সরকার পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রাখছেন। সরকারের পক্ষ থেকে আর্তমানবতার সেবায় সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে ১৮টি বাড়ি পুনর্নির্মাণ করা হয়েছে।
প্রতিনিধিদলের প্রধান শামীম ওসমান বলেন, পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হূদয়বিদারক ঘটনা। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল প্রমুখ।