সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আবারও আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে শুক্রবার (২২ অক্টোবর) বিকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিন্ডিকেট সভা বসলেও সেখান থেকে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকেই আবারও অনশনের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু জাফর হোসাইন, আবু জাফর, শামীম হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের ফোন দিয়ে জানানো হয়, কোনো সিদ্ধান্ত ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা মুলতুবি করা হয়েছে। বিষয়টি জানার পরে আমরা ভারপ্রাপ্ত ভিসি স্যারকে ফোন দিলে তিনি বলেন, আজ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তোমরা ক্লাস-পরীক্ষায় ফের। আমরা আবার সিন্ডিকেট সভা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আবার আগামীকাল সিন্ডিকেট সভা বসবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আপাতত এক মাসের মধ্যে এ সভা বসার সম্ভাবনা নেই ।
এই শিক্ষার্থী আরো বলেন, সিন্ডিকেট সভার প্রতি সম্মান দেখিয়ে সব ধরনের আন্দোলন স্থগিত করেছিলাম। যেহেতু এর সমাধান হয়নি, তাই রাত ৮টা থেকে আবারও আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার আব্দুল লতিফকে একাধিকবার তার মোবাইল ফোনে কল দেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।