বিচারহীনতা, পরস্পরের ওপর দোষারোপ ও পক্ষপাতমূলক আচরণের সংস্কৃতির কারণে দেশে বারবার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। গত ১০ দিনের ঘটনায় এটাই স্পষ্ট বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
গতকাল শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে ‘সুজন’, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে সুজনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হামিদা হোসেন বলেন, ‘অতীতে এ ধরনের ঘটনায় যে অন্যায়-অবিচার হয়েছে, তার বিচার হয়নি। শুধু তাই নয়, আরো অনেক ক্ষেত্রে অন্যায়-অসংগতি হয়, তারও বিচার হয় না। আবার দেখি, একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতিবিদেরা একে অপরকে দোষারোপ করতে থাকেন। আমাদের প্রশাসন ও সরকারসমর্থক কিছু কিছু নেতা হামলার ঘটনায় পক্ষপাতমূলক আচরণ করছেন।