ত্রিপুরায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার অভিযোগ

গত শুক্রবার ভারতের ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমা (হিন্দ) অভিযোগ করেছে যে, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার পর রাজ্যের কিছু কিছু মসজিদ এবং সংখ্যালঘুদের বাড়িঘর হামলার শিকার হয়েছে। বেশির ভাগ হামলা হয়েছে ত্রিপুরার পশ্চিম, উত্তর এবং গোমতি জেলায়। রাজ্য সরকারকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তারা বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলারও নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, ষড়যন্ত্রকারীরা ত্রিপুরায় সাম্প্রদায়িক সমপ্রীতি নষ্ট করে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। হিন্দুস্তান টাইমসের বাংলা অনলাইনের এক খবরে এই তথ্য জানানো হয়।

জমিয়ত উলেমার একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কার্যালয় এবং রাজ্যের পুলিশের ডিজির কাছে অভিযোগ জমা দিয়েছে। তারা হামলা বন্ধের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য সর্বত্র কড়া নজর রাখছে দলের কর্মীরা।