মাদ্রিদে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

স্পেনের রাজধানী মাদ্রিদে বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট-২০২১। স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর নিকটবর্তী এল কাসেল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহসভাপতি ও বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি আলামীন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান। এছাড়াও অন্যান্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন টাইগার মাদ্রিদকে ৩৬ রানে হারিয়ে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম জয়লাভ করে। টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।

ইত্তেফাক/এএএম