ইত্তেফাক রিপোর্ট
অনেক শিল্পরসিক আছেন যারা দামের কারণে স্বনামধন্য চিত্রশিল্পীদের কাজ সংগ্রহ করতে পারেন না। সে কারণেই অনেকেই প্রকৃত ছবির অনুলিপি সংগ্রহে রাখেন। ধানমন্ডির চার নম্বর সড়কে সফিউদ্দীন শিল্পালয়ে চলছে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের শিল্পকর্মের অনুলিপির বিশেষ প্রদর্শনী। নকল ছবি সংগ্রহ থেকে শিল্পরসিকদের রক্ষা করতেই এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
শিল্পাচার্য জয়নুল আবেদীন, পটুয়া কামরুল হাসান কিংবা শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের আসল ছবি প্রচুর টাকা খরচ করেও আজকের দিনে কেনা সম্ভব নয়। এসব ছবি অনেক মূল্যবান হওয়ায় চাইলেও কেনার সাধ্য থাকে না অনেক শিল্পরসিকের। সেই বিবেচনায় এই আয়োজনটি বিশেষ গুরুত্ববহ।
সফিউদ্দীন আহমেদের বিখ্যাত কিছু চিত্রকর্মের অনুলিপি স্থান পেয়েছে প্রদর্শনীতে। সেগুলোর মধ্যে রয়েছে বৃক্ষ সিরিজ, একাত্তরের শরণার্থী, দুমকা, বন্যা. দ্য ফিশ অ্যান্ড দ্য নেট, ফিশিং টাইম, প্যারিসের বই বিতান ইত্যাদি। ডিজিটাল ফরমেটে খুব সূক্ষ্ম প্রিন্ট করা হয়েছে এসব চিত্রকর্মের। শিল্পীর ১০০টির মতো চিত্রকর্মের রেপ্লিকা করা হলেও ২৮টি মূল চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। রিপ্রোডাকশনের শর্ত অনুযায়ী মূল শিল্পকর্মের মিডিয়াম ও আকৃতি বদলে ফেলা হয়েছে। মাত্র দুই হাজার থেকেই ১৫ হাজার টাকার মধ্যে সংগ্রহ করা যাচ্ছে মূল শিল্পকর্মের এসব অনুলিপি। সঙ্গে মিলবে অথেনটিকেশন সার্টিফিকেট।
গত শুক্রবার বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী আবুল বার্্ক আলভী। স্বাগত বক্তব্য দেন সফিউদ্দীন আহমেদের ছেলে আহমেদ নাজির। সভাপতিত্ব করেন গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক চিত্রশিল্পী মো. মনিরুজ্জামান। ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।