পাপুয়া নিউগিনির বিপক্ষে ছুঁয়েছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। এক ম্যাচ পর গতকাল তাকে ছাড়িয়ে এককভাবে টি-২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার মালিক বনে গেলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটের হারে রেকর্ডের উত্সবটা হয়নি, কিন্তু রেকর্ড তো রেকর্ডই। বল হাতে গতকাল তিন ওভারে ১৭ রান দিয়ে লঙ্কানদের দুই উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এতে করে বিশ্বকাপে তার উইকেটের সংখ্যা পৌঁছেছে ৪১-এ।
সাকিবের এই ৪১ উইকেটের মধ্যে ১১টিই চলতি বিশ্বকাপে। সুপার ১২-এ শ্রীলঙ্কা ম্যাচের আগে প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে দুটি, ওমানের বিপক্ষে তিনটি ও পাপুয়া নিউগিনির বিপক্ষে চারটি উইকেট নেন তিনি। এর আগে এই বিশ্বকাপেই লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-২০র সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন তিনি। বর্তমানে তার উইকেটের সংখ্যা ১১৭।
৩৯ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে আফ্রিদি। তার পরেই আছেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা (৩৮)। ৩৬ উইকেট নিয়ে চতুর্থ স্থানে সাবেক পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল।