ভারতে ১০০ কোটি মানুষকে টিকা দেওয়ায় মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

ভারত সরকার গত ২১ অক্টোবরের মধ্যে ১০০ কোটি ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের ঐতিহাসিক মাইলফলক অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

গতকাল মোদিকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, মানবজাতির উপর কোভিড-১৯ মহামারির সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। তিনি বলেন, এটি ভারত ও এই অঞ্চলের পুনরুদ্ধার এবং স্বাভাবিকতার পথে একটি বড় পদক্ষেপ হবে। মোদিকে প্রধানমন্ত্রী আরো জানান, তার সরকার বাংলাদেশে একটি গণটিকাকরণ কর্মসূচি পরিচালনা করছে। বিভিন্ন উত্স থেকে সংগৃহীত করোনা টিকা ৬ কোটিরও বেশি মানুষকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, টিকাকরণ কর্মসূচির প্রথম থেকেই ভারত বাংলাদেশের জন্য কোভিড-১৯ টিকার একটি গুরুত্বপূর্ণ উত্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড          টিকা রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং আশা করেন আগামী দিনে এই ক্রয় নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। কোভিড-১৯ মহামারির প্রকোপ থেকে এই অঞ্চলের জনগণকে রক্ষা করতে এবং এই মহামারির বহুমুখী প্রতিকূল পরিণতি মোকাবিলায় ভারতের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।