যুক্তরাজ্য ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে :ডিকসন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য বিশ্বাস করে বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। যুক্তরাজ্য সরকার সব সময় ধর্মীয় স্বাধীনতার পক্ষে। গতকাল দুপুরে সাভারের কবিরপুর এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলাকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি সন্তোষজনক উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন আরো বলেন, ‘আমি মনে করি, এটি শুধু বাংলাদেশের নয়, সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’ বাংলাদেশের শ্রমিকেরা দক্ষ ও পরিশ্রমী মন্তব্য করে তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিলে তারা কাজের মান আরো ভালো করবেন।

এর আগে সকালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনারের স্ত্রী তেরেসা আলবর, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগপ্রধান ডেরেক গ্রিফিথস এবং হাইকমিশনের শাসন ও রাজনৈতিক দলের প্রধান টম বার্জ।

বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর ও বেক্সিমকো টেক্সটাইল, অ্যাপারেলস ও পিপিই ডিভিশনের সিইও সৈয়দ নাভেদ হোসেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রতিনিধিদলকে বেক্সিমকো শিল্প পার্কে স্বাগত জানান। পরে ব্রিটিশ প্রতিনিধিদল বেক্সিমকো পিপিই পার্কে আধুনিক পিপিই উত্পাদনব্যবস্থা ও সেন্টার অব এক্সেলেন্স ইন্টারটেক ল্যাব পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলের কাছে বেক্সিমকো পিপিই টিম স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য হাসপাতাল গ্রেড গাউন, কভারঅল, সার্জিক্যাল মাস্ক, রেসপিরেটর এবং নন-ওভেন কাপড় তৈরির অত্যাধুনিক উত্পাদনব্যবস্থা তুলে ধরে।