ড্রেসিং রুমে সতীর্থদের যে বার্তা দিলেন গর্বিত বাবর আজম

ভারতকে ১০ উইকেটে গুড়িয়ে দিয়ে মাঠেই অনেকে উৎসব করেছিল। এমন উৎসবে গা লাগায়নি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ড্রেসিং রুমে ফিরে সবাইকে নিয়ে বসেছেন। সবাই ফ্লোরে বসা ছিলেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে বাবর আজম। সবার দৃষ্টি আকর্ষণ করে যখন কথা বলছিলেন তখন বাইরে সমর্থকদের উল্লাস ধ্বনি। আর ড্রেসিং রুমে পিনপতন নিরবতা। বাবর আজম তার খেলোয়াড়দের জানিয়ে দিলেন, আমরা ভারতকে হারিয়েছি। আনন্দ করব, তবে অতিআনন্দ না। এমন কিছু করব না, যা দেখে অতিরিক্ত মনে হয়।’

১৩ বল বাকি থাকতে কোনো উইকেট না হারিয়ে ভারতকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। ১০ উইকেটে জয়ের ঐতিহাসিক ম্যাচে শাহিন আফ্রিদি ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে। রাহুল, রোহিত কোহলিকে আউট করেছেন শাহিন আফ্রিদি। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে ভারত। লড়াই করতে নেমে পাকিস্তানের উইকেটকিপার রিজওয়ান ৭৯ এবং অধিনায়ক বাবর আজম ৬৮ রান করে ম্যাচ জিতে নেন ১০ উইকেটে।

বাবর আজম ড্রেসিং রুমে তার খেলোয়াড়দের বললেন, ‘এই জয়ের মালিক সবাই। এটা কোনো ব্যাক্তিগত পারফরম্যান্সের ফসল নয়। এটা দলীয় সাফল্য।’ তিনি বলেন, ‘আমরা আনন্দ করব। কিন্তু এমন কোনো আনন্দ করব না, যা দলের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। এই স্পিরিট ধরে রাখতে হবে। সামনে আমাদের আরও খেলা আছে।  সেটা নিয়ে ফোকাস করতে হবে।’

টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এসব কথা বলার সময় বাবর আজম যেন খুব স্বাভাবিক। তার চোখে মুখেও আনন্দের ঝিলিক নেই। দুই হাত এক সঙ্গে রেখে বাবর আজম বলছিলেন, ‘ভারতকে হারানোর আনন্দ উপভোগ করব। কিন্তু অতিমাত্রায় কিছু যেন না হয়। আমাদের মনে রাখতে হবে আমরা কি লক্ষ্য নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছি। এখানে গা ছেড়ে দিলে হবে না। সবাইকে একশ ভাগ দিতে হবে। বিশ্বকাপের পথ অনেক লম্বা। আমি আবারও অনুরোধ করছি অতিআনন্দের কিছু হয়নি। আরও লড়াইয়ের বাকি আছে।’

ইত্তেফাক/টিএ