রয়টার্স
সোমালিয়ার সেনাবাহিনীর সঙ্গে তাদের সাবেক মিত্র আহুল সুন্না ওয়াল জামা’আ-র (এএসডব্লিউজে) তীব্র লড়াইয়ে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির গালমুদুগ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা গুরিসেলে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে রবিবার পর্যন্ত অব্যাহত ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
এই সংঘাত জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ক্ষেত্রে উভয় দলকে বিভ্রান্তিতে ফেলার ঝুঁকি তৈরি করছে বলে মত বিশ্লেষক ও স্থানীয় বাসিন্দাদের। আইন সভার সদস্য ফারাহ আবদুল্লাহি বলেন, ‘আমি নিশ্চিত ৩০ জনেরও বেশি নিহত হয়েছে, কারণ আমি তাদের মধ্যে ২৭ জনকে চিনি আর তাদের মধ্যে দুই দলেরই লোক আছে।’ রয়টার্স জানিয়েছে, পৃথকভাবে সাক্ষাত্কার নেওয়া স্থানীয় ১০ বাসিন্দার কথায়ও তার বক্তব্যের অনুরূপ তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার বিষয়ে সেনাবাহিনী ও এএসডব্লিউজের কোনো মন্তব্য নিতে পারেনি বার্তা সংস্থাটি। এএসডব্লিউজে সোমালিয়ার একটি মধ্যপন্থি সুফি মুসলিমগোষ্ঠী যারা আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান একটি ভূমিকা পালন করছে। কিন্তু কয়েক বছর ধরে সশস্ত্র এই গোষ্ঠীটি ও সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছিল। আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সরকার যথেষ্ট ভূমিকা রাখছে না বলে অভিযোগ এএসডব্লিউজের। অন্যদিকে এএসডব্লিউজে তাদের অনুমতি ছাড়াই তত্পরতা চালাচ্ছে বলে অভিযোগ সরকারের।
চলতি মাসের প্রথমদিকে কেন্দ্রীয় বাহিনী এএসডব্লিউজের ওপর আক্রমণ শুরু করলে উত্তেজনা চরমে ওঠে। এএসডব্লিউজের হামলা প্রতিহত করতেই আগাম ঐ আক্রমণ চালানো হয় বলে কেন্দ্রীয় বাহিনী জানিয়েছিল। কিন্তু এএসডব্লিউজে তাদের আক্রমণ প্রতিহত করে গুরিসেল দখল করে নেয়, জেলাটির বাসিন্দারাও গোষ্ঠীটিকে স্বাগত জানায়।