বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হলগুলোতে পর্যাপ্ত সিট না থাকায় গণরুমে থাকতে হয় শিক্ষার্থীদের। এক একটি গণরুমে অর্ধ শতাধিক শিক্ষার্থীর কোলাহলের মধ্যে পড়াশোনায় মনোযোগ আনা প্রায় অসম্ভব। এ অবস্থায় রিডিংরুমই একমাত্র সমাধান। লাইব্রেরি এ ব্যাপারে কিছুটা সহযোগিতা করতে পারলেও সবসময় বিশেষ করে রাতে লাইব্রেরিতে গিয়ে পড়া সম্ভব না। এছাড়াও এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর জায়গা সংকুলান হওয়াও সম্ভব না লাইব্রেরিতে। প্রত্যেক হলে যদি পর্যাপ্ত সুবিধাসহ (পর্যাপ্ত চেয়ার টেবিল, ফ্যান-লাইট, লেখাপড়ার সমগ্রী রাখার যথেষ্ট জায়গা) রিডিংরুম দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা পড়াশোনার উপযুক্ত পরিবেশ পাবে। তারা তাদের সুবিধা অনুযায়ী সময়ে রিডিংরুমে গিয়ে পড়তে পারবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
ইসরাত জাহান জীম
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ