কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
বিয়ের নাটক সাজিয়ে বছরের পর বছর শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনায় কালীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ করেছিলেন এক নারী। অভিযুক্ত সবজি ব্যবসায়ী মো. নয়ন মিয়ার ও তার সহযোগী নিকাহ রেজিস্ট্রার মো. আবু তাহেরের বিরুদ্ধে করা অভিযোগ আমলে না নিয়ে আদালতে মামলা করতে বলেন থানার ওসি মো. আনিসুর রহমান। গত ৬ অক্টোবর অভিযোগ করার পর ২৪ অক্টোবর পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। নির্যাতিত ঐ নারীকে নিয়ে ওসি টানা ১৯ দিন নানা টালবাহানায় সময়ক্ষেপণ করতে থাকেন। ঐ নারী থানায় সেবা না পেয়ে গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহর শরণাপন্ন হন। তার হস্তক্ষেপে গতকাল কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কায়সার আহমদ।
অভিযুক্ত নয়ন নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মাথিচর গ্রামের আমান উল্লাহর ছেলে। বর্তমানে তিনি কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকায় স্ত্রী, কন্যা ও দুই পুত্রসন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে সবজি ও ফলের ব্যবসা করেন। অন্যদিকে নিকাহ রেজিস্ট্রার আবু তাহের উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।