ওপেনিং জুটিতে ভালোই এগুচ্ছিল বাংলাদেশ দল। পাওয়ার প্লেও শেষ দিকে। পঞ্চম ওভারে লাহিরু কুমারাকে ডাউন দ্য উইকেট এসে খেললেন লিটন কুমার দাস। ৩০ গজের বৃত্ত পার করার চেষ্টাই ছিল তার। কিন্তু মিড-অফে শানাকার হাতে জমা পড়ে বল। লিটনকে আউট করেই তেড়ে যান লাহিরু। বাজে কিছু বলেছিলেন বটে। লিটনও জবাব দিয়েছেন। দুজনের বাক্য বিনিময় থামিয়েছেন আম্পায়াররা। এগিয়ে এসে লাহিরুকে ধাক্কা দিয়ে সরিয়েছেন নাঈম শেখও। যাতে লিটনের সঙ্গে তার কথার লড়াই আরো বড় না হয়।
গত রবিবার শারজাহতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এ ঘটনায় লিটন-লাহিরুকে শাস্তি দিয়েছে আইসিসি। দুজনই আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গ করেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দুজনকেই জরিমানা করা হয়েছে। লাহিরুকে ম্যাচ ফির ২৫ ভাগ, লিটনকে ১৫ ভাগ জরিমানা করা হয়। দুজনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ দুজনকে এ শাস্তি দিয়েছেন। তারা অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিকভাবে আর কোনো শুনানির প্রয়োজন হয়নি। দুই বছরের মধ্যে কোনো ক্রিকেটার চার ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে ও দুটি টি-২০ তে নিষিদ্ধ হবেন।
ব্যাটিংয়ে ১৬ রান করে আউট হয়েছিলেন লিটন। লাহিরুর সঙ্গে ঝগড়ার পর ম্যাচটা ভালো কাটেনি তার। ফিল্ডিংয়ে নেমে দুটি ক্যাচ ফেলেছেন তিনি। যা বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের মিশনটা সহজ করে দিয়েছিল।