জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছর ভর্তি পরীক্ষার সময় ও প্রশ্নের মানবণ্টনে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এবার ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ২০ নম্বর থাকছে। এ ছাড়া ভর্তিচ্ছুদের ৪৫ মিনিটে ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ ধরে ৬০ নম্বরকে আবার ৮০ নম্বরে রূপান্তর করা হবে। এ ছাড়া মোট পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। অন্য বছর ভর্তিচ্ছুরা ৬০ মিনিটে ৮০টি প্রশ্নের উত্তর দিতেন।
তিনি আরো বলেন, ভর্তিচ্ছু ও যারা ভর্তি পরীক্ষা নেবেন, সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রশ্নের এই মানবণ্টন ও সময়সূচি নির্ধারণ করেছে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি।