টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান থেকে স্কটল্যান্ড অনেকটাই সাদামাটা দল। তবে প্রথম রাউন্ডে টানা তিন জয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ায় অনেকেই ভেবেছিলেন মূল পর্বেও অঘটন ঘটাতে পারে স্কটিশরা। কিন্তু তার ছিটেফোঁটাও দেখা গেল না গতকাল শারজায়। উলটো স্কটিশদের গুঁড়িয়ে দিয়ে ১৩০ রানের রেকর্ড জয় নিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানরা। নিজেদের ইতিহাসে এর চেয়ে বড় জয় আর পায়নি দেশটি।
টস জিতে আগে ব্যাট করে চার উইকেটে ১৯০ রান সংগ্রহ করে আফগানিস্তান। ইনিংসের শুরু থেকেই স্কটিশ বোলারদের ছাতুপেটা করেন মোহাম্মদ নবির দল। সর্বোচ্চ ৫৯ রান এসেছে নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে তিন ওভারে ২৭ রান তুলে ম্যাচে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল স্কটল্যান্ড। কিন্তু মুজিব উর রহমান আসতেই এলোমেলো হয়ে যায় তারা। চতুর্থ ওভারে তিন উইকেট নিয়ে স্কটিশ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডটাই ভেঙে দেন মুজিব। পরে আরো দুই উইকেট তুলে মোট পাঁচ উইকেট পূর্ণ করে ম্যাচ সেরা হন ডানহাতি এই স্পিনার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে রশিদ খান ঝুলিতে পুরেছেন চারটি উইকেট। যার ফলে ৫৮ বল বাকি থাকতে মাত্র ৬০ রানে অলআউট হয় স্কটল্যান্ড।