বংশালে ছুরিকাঘাতে যুবক খুন

পুরান ঢাকার বংশালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় এক যুবক খুন হয়েছেন। গতকাল সোমবার রাতে সিক্কাটুলি বায়তুল আমান জামে মসজিদের পাশ থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হতে পারে।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ঐ যুবক সিক্কাটুলি মসজিদের ড্রেনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছাপা কালো ফুলশার্ট ও জিন্স প্যান্ট ছিল। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশ রাখার ঘরে রাখা হয়েছে।

বংশাল থানার ওসি আবুল খায়ের বলেন, প্রাথমিক আলামতে মনে হয়েছে, এটি হত্যাকাণ্ড। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের এলাকায় কোনো সিসি টিভি ফুটেজে দৃশ্য মেলে কি না, তাও যাচাই করা হচ্ছে।