বিমানের পাইলটরা আন্দোলনে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের শঙ্কা

মহামারিকালে সবার বেতন কাটা অব্যাহত রাখায় ক্ষুব্ধ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটরা আন্দোলন শুরু করেছে। প্রথম কর্মসূচিতে চুক্তির বাইরে কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিমান দোহাগামী ফ্লাইট গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি। পাইলট ফ্লাইটে যেতে অস্বীকৃতি জানানোয় বিমানটি যায়নি। একইভাবে সন্ধ্যা সাড়ে ৭টার দুবাইগামী ফ্লাইটও নির্ধারিত সময়ে ছাড়েনি। পাইলটরা অসন্তোষ প্রকাশ করে চুক্তির বাইরে কাজ না করায় এ সংকট তৈরি হয়েছে। পাইলটদের অসন্তোষে শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান বলেন, মহামারিকালে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল; দেড় বছর বাদে অন্যদের আবার আগের মতো বেতন দেওয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি। এজন্য তিন মাস আগে পাইলটরা ধর্মঘটের হুমকি দিলেও বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনে যায়নি। কিন্তু দুই মাসেও কোনো ব্যবস্থা না নেওয়ায় পাইলটরা এখন সিদ্ধান্ত নিয়েছে, তাদের সঙ্গে বিমানের যে চুক্তি, সেটার বাইরে তারা কোনো কাজ করবে না। পাইলটরা জানান, বিমান ও বাপার মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী পাইলটদের মাসে ৭৫ ঘণ্টা ফ্লাই করার কথা এবং মাসে আট দিন ছুটি পাওয়ার কথা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমানে ১৫৭ জন পাইলট কাজ করছেন।