অর্থ আত্মসাতের অভিযোগে কর্ণফুলী মাল্টিপারপাস অফিসে অভিযান

রাজধানীর মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমবায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাব। গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত চলা ঐ অভিযানে প্রতিষ্ঠানটির পরিচালক শাকিল আহমেদসহ বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে র্যাব-৪-এর একটি দল এই অভিযান চালায়।

র‍্যাব-৪-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসে অভিযান চালানো হয়। রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের ৮ নম্বর রোডের কার্যালয়ে গত ২২ অক্টোবর শতাধিক গ্রাহক ঘেরাও করেন। গ্রাহকরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটিতে ডিপিএস প্রোগ্রামে পাঁচ বছর ধরে টাকা জমা দিচ্ছেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের টাকা ফিরে পাচ্ছেন না। টাকা না দিয়ে প্রতিষ্ঠানের লোকজন তাদের উলটো হয়রানি করছেন।

অভিযানের বিষয়ে র্যাব-৪-এর কর্মকর্তারা সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত তথ্য দেবেন। পল্লবী থানায় খোঁজ নিয়ে জানা গেছে, ঐ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গত কয়েক দিনে একাধিক গ্রাহক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।