শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা হলো না আর কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকার মোশাররফ হোসেন লিমন (২২) নামে এক অটো-চালকের। শ্বশুর বাড়ি যাওয়ার আগেই পথিমধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়-সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন লিমন ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের মকবুল হোসেনের ছেলে। প্রায় দেড় বছর আগে পার্শ্ববর্তী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি কাশিয়াবাড়ী এলাকার আশরাফুল আলমের মেয়ে রাশিদা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। এক সপ্তাহ আগে লিমন স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসেন। এরপর সোমবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে স্ত্রীকে আনতে মোটরসাইকেলে শ্বশুরবাড়ির উদ্দেশে রওয়ানা দেন। কিন্তু তিনি শ্বশুর বাড়ি যাননি। রাত পৌনে ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে একশ গজ দূরে ফুলবাড়ী-বালাহাট সড়কে পানিমাছকুটি নামক এলাকার একটি চাতালে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
লিমনের স্ত্রী রাশিদা খাতুন বলেন, স্থানীয়রা আমার স্বামীকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে খবর পাঠান। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করি। লিমনের বড় ভাই গোলাম মোস্তফাকেও জানাই।
এই প্রসঙ্গে গোলাম মোস্তফা বলেন, রাত ১১টার দিকে রাশিদার ফোন পেয়ে ফুলবাড়ী হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে শুনি, আমার ভাই বিষ পান করে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার ভাইয়ের মৃত্যুটা রহস্যজনক।
ফুলবাড়ী থানার ওসি জানান, মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এনই