সুবিধাবঞ্চিতদের পাশে উদ্দীপ্ত বাংলাদেশ

২০১৯ সালের ৩০ ফেব্রুয়ারি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত বাংলাদেশ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি হাসিবুল খান। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন লোকপ্রশাসন বিভাগে।

সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মহান ব্রতকে হূদয়ে লালন করে যাত্রা শুরু করে এই স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা পাঁচশতাধিক। করোনাকালেও   তারা সক্রিয়ভাবে কাজ করে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তরে। পথচারীদের সুরক্ষায় তারা বীরগঞ্জ সাইন্স ক্লাবের সমন্বয়ে ইতিমধ্যেই দিনাজপুরের একাধিক সড়কে তৈরি করেছেন অত্যাধুনিক থ্রিডি স্পিডব্রেকার। যা দেশের জন্য তৃতীয় এবং একইসঙ্গে উত্তরবঙ্গের জন্য প্রথম ত্রিমাত্রিক স্পিডব্রেকার। এছাড়া তাদের পরিচালিত অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান,  বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনা, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, মানবতার দেয়াল ও খুশির ঝুড়ি স্থাপন, শীতবস্ত্র ও রেইনকোট বিতরণ, গবাদিপশু ও সেলাই মেশিন দান, শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী প্রদান, এতিমখানায় বৈদ্যুতিক পাখা দান এবং রমজানে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ। বর্তমানে মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা।

নিয়মিতভাবে পরিচালিত এসব কার্যক্রম অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে এবং ব্যাপক সাড়া জাগিয়েছে। যার অভূতপূর্ব ফলাফল হিসেবে দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে সংগঠনের সদস্য সংখ্যা। বর্তমান সদস্যদের ভাবনা— পরীক্ষার পর আবারও পুরোদমে দেশব্যাপী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করবেন তারা।

সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের স্বপ্ন পূরণে কাজ করে। কাজ করে বৈষম্যহীন স্বদেশ বিনির্মাণে। এ প্রসঙ্গে হাসিবুল খান বলেন, ‘অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেরেই আমরা আনন্দিত। জীবনের সবটুকু দিয়ে তাদের পাশে থেকে সহযোগিতা করে যেতে চাই।’