ইশতিয়াকের ‘রঙ মিস্ত্রি’

গল্প, উপন্যাস ও গান লেখার বাইরে নাটক-টেলিফিল্ম পরিচালনা করেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ইশতিয়াক আহমেদ। ক’দিন আগেই তার নির্মিত ওয়েব ফিল্ম ‘কিশোর গ্যাং’ দর্শকদের কাছে প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করলেন ‘রঙ মিস্ত্রী’ শিরোনামের একটি টেলিফিল্ম। এতে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা আবদুন নূর সজল ও সারিকা।

নাটকটি প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, ‘জীবন খুব ছোট। এখানে কিছু বদলাতে সময় লাগে না। সব শ্রেণির মানুষের ক্ষেত্রে এটা সত্য। এবার আমি সেই সত্যাটা একজন রঙ মিস্ত্রীর জীবন থেকে দেখাতে চেয়েছি। আমার গল্পগুলোতে বলার চেষ্টা থাকে জীবন চিন্তার চেয়ে বিস্ময়কর। এখানেও তাই।’ এছাড়া চিত্রনাট্যকারদের অবমূল্যায়ন নিয়ে ইশতিয়াক আহমেদ বলেন, ‘পরিচালনায় এসেছি নিজের গল্পকে বাঁচাতে। আগে চিত্রনাট্য লিখতাম। কিন্তু এদেশে চিত্রনাট্যকারদের মূল্য কম এবং বেশিরভাগ পরিচালকরা অবহেলা করেন। পরিচালনায় মাধ্যমে যতটুকু পারি নিজের গল্প নিজে বলি।’ টেলিফিল্মটিতে সজল-সারিকা ছাড়া আরো অভিনয় করেছেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মণ, সৈকত ইসলাম, আরাবী মাহমুদ নোমান প্রমুখ। আজ বিকেল ৩টায় চ্যানেল আইয়ে টেলিফিল্মটি প্রচারিত হবে।