মিরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর অফিসে হামলা ভাঙচুর

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. সাইফুল্লাহ দিদারের অফিস ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মিঠাছরা বাজারে অবস্থিত অফিসে ১০/১২ জনের একটি গ্রুপ হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। 

সাইফুল্লাহ দিদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভাই সহ ১০/১২ জনের একটি গ্রুপ এসে আমার ব্যবসায়িক অফিস ভাংচুর করে। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ হাসিনা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মাহবুব রহমান রুহেল ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবিসহ আমার ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় এবং ব্যাপক মালামাল ভাঙচুর করে। এই বিষয়ে উপজেলা নির্বাচন অফিস ও মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেবো। 

মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দিন বলেন, অফিস ভাঙচুরের বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/ইআ