ক্রিকেটারদের নিয়ে ট্রল বন্ধ হবে কবে?

চলছে ক্রিকেটের জমজমাট আসর টি-টুয়েন্টি বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ ১-এর দলগুলোর বিপক্ষে খেলছে। একটি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে, যেখানে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ বরণ করতে হয়েছে। আর এ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্রতিবারই দেখা যায় বাংলাদেশ ক্রিকেট দল কোনো ম্যাচে পরাজিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা ট্রলের শিকার হন। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ও পরাজিত হওয়ার পর তার ব্যতিক্রম হয়নি। অনেকেই পরপর দুটি ক্যাচ মিস করার কারণে এক ক্রিকেটারকে গালিগালাজ পর্যন্ত করেছে, যা অনভিপ্রেত। একজন ক্রিকেটার চান তাঁর সর্বোচ্চটুকু দিয়ে ম্যাচে পারফরম্যান্স করতে। কিন্তু মাঝেমধ্যে ম্যাচে কিছু ভুল বা ব্যাটিং, ফিল্ডিং কিংবা বোলিং খারাপ হতেই পারে। এতে দোষের কিছু নাই। পূর্ববর্তী ম্যাচের ভুল-ত্রুটি সংশোধন করে একজন ক্রিকেটার পরবর্তী ম্যাচে ভালো করবেন—সেটাই আমাদের প্রত্যাশা। ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করে ম্যাচে জয়ী হলে যেমন আমরা আনন্দ অনুভব করি, তেমনি পরাজিত হলেও আমাদের সহনশীল হতে হবে। দিনশেষে মনে রাখতে হবে আমরা সবাই মানুষ। আর কোনো মানুষই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। তাই আসুন, ক্রিকেটারদের নিয়ে ট্রল বন্ধ করি।

ফজলে রাব্বি

শিক্ষার্থী, ঢাকা কলেজ