ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
সংস্কারের অভাবে ভেঙে পড়ে আছে ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক। এর পাশেই রয়েছে একটি খাল। খালের ওপর নির্মিত পুরাতন ফুট ব্রিজটিও বেহাল। ফলে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার হতে হচ্ছে স্কুলের শিক্ষার্থী ও গ্রামবাসীকে। পারভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মারুফ ও মহুয়া পারভিন জানান, গ্রামের উত্তর এবং পশ্চিমপাড়ার সঙ্গে স্কুলে যাতায়াতের সড়কটি ভেঙে পড়েছে খালে। তাই অন্যের বাড়ির ওপর দিয়ে আমাদের স্কুলে যাতায়াত করতে হয়। এছাড়া ফুট ব্রিজটি জরাজীর্ণ থাকায় এর পাশে থাকা বাঁশের সাঁকো পারাপার করতে হয়। এতে আমাদের খুব কষ্ট হচ্ছে। প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ওয়াপদা স্লুইস গেট থেকে ৩০০ মিটার রাস্তা পুনর্নির্মাণ জরুরি। পারভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হেদায়তুল হক বলেন, খালটি গভীর হওয়ায় এর পাশ দিয়ে সড়ক নির্মাণ করতে অনেক টাকা ব্যয় হবে। যা আমাদের পক্ষে সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, স্লুইস গেট দিয়ে পানি বড়াল নদীতে পড়ায় বড় খালের সৃষ্টি হয়েছে। তাই এই সড়ক পুনর্নির্মাণে উচ্চপর্যায়ের প্রকল্প নেওয়া প্রয়োজন।