খুলনা অফিস
খুলনায় মাদক মামলায় আইয়ুব আলী শরীফ নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম করাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আইয়ুব আলী শরীফ নগরীর ৬ নম্বর মতিয়াখালী শেখপাড়া এলাকার বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১২ নভেম্বর আইয়ুব আলী শরীফ ব্যাগে করে ৪০ বোতল ফেনসিডিল নিয়ে নগরীর গল্লামারী ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় দায়িত্বরত ঐ পুলিশ সার্জেন্ট মনিরুজ্জামানের সন্দেহ হলে তাকে তল্লাশি করেন। তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সার্জেন্ট মনির বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ।