পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতুর মাঝখানে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যুবক অলি মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাংগা ইউনিয়নের ফুলেশ্বরী এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝখান থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহতের চাচা ফজলুর রহমান জানান, গত শনিবার বিকালে দুই বন্ধু শাহজাহান ও অলি মিয়া ঘোড়াশাল নতুন রেলসেতুতে ছবি তুলতে যায়। সে সময় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অলি মিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়। শনি ও রবিবার পলাশ ফায়ার সার্ভিস, টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নরসিংদী রেলওয়ে পুলিশ তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। পরে মঙ্গলবার সকালে ডাংগা ইউনিয়নের ফুলেশ্বরী এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝখানে অলির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম বলেন, নরসিংদী রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।