বরিশালে প্রতারণার অভিযোগে স্যানিটারি মিস্ত্রি আটক

বরিশাল অফিস

প্রতারণার মাধ্যমে বরিশালে সিটি করপোরেশনের (বিসিসি) ভুয়া রসিদ তৈরি করে গভীর নলকূপ স্থাপনের অনুমোদন ফির অর্থ আত্মসাত্ করার অভিযোগে এক প্রতারককে আটক করা হয়েছে। আটক স্যানিটারি মিস্ত্রি মুন্না ব্যাপারী বরিশাল সদর উপজেলার কাগাশুরা এলাকার বারেক ব্যাপারীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে মুন্নাকে নগর ভবন থেকে আটক করে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশে সোপর্দ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে নগরীর ইছাকাঠি মহামায়া এলাকার কবির গভীর নলকূপ বসানোর জন্য স্যানিটারি মিস্ত্রি মুন্নার সঙ্গে ১ লাখ ৩০ হাজার টাকায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কবির প্রাথমিক অবস্থায় মুন্নাকে ৭৫ হাজার টাকা পরিশোধ করেন। টাকা হাতে পেয়ে মুন্না সিটি করপোরেশনের অনুমোদন ফির ভুয়া রসিদ তৈরি করে কবিরকে সরবরাহ করেন। কবির রসিদ হাতে পেয়ে নলকূপ বসানোর কাজ শুরু করেন। বিষয়টি টের পেয়ে সিটি করপোরেশন থেকে সংশ্লিষ্টরা গেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মুন্নাকে আটক করে পুলিশে দিয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’