ফরিদপুরে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ডাদেশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আলফাডাঙ্গায় মনিরাকে পুড়িয়ে হত্যামামলায় কথিত স্বামী শাহাবুদ্দিন খানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই অপরাধে সহায়তা করার জন্য শাহাবুদ্দিনের ভাই সুমন খানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এই আদেশ প্রদান করেন।  আদালত সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলায় মনিরা বেগমকে বিভিন্ন সময়ে বিয়ের প্রস্তাব দিত প্রতিবেশী শাহাবুদ্দিন। কিন্তু মনিরার পরিবার রাজি ছিল না। পরবর্তী সময়ে শাহাবুদ্দিন অন্যত্র বিয়ে করলেও জেদের বশবর্তী হয়ে প্রলোভন দেখিয়ে মনিরা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। ২০১১ সালে ভুয়া কাবিননামা তৈরি করে মনিরা বেগমের সঙ্গে এক মাস ঘরসংসার করে। এর পরে ভুয়া কাবিনের ব্যাপারে মনিরার সন্দেহ হলে সে শাহাবুদ্দিনকে কাবিননামা দেখাতে বলে। এ সময় শাহাবুদ্দিন মনিরাকে বলে সে তাকে জেদের বশে ভুয়া বিয়ে করেছে। এক পর্যায়ে শাহাবুদ্দিন মনিরার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় শাহাবুদ্দিনের ভাই সুমন খান লাঠি দিয়ে মনিরাকে মারপিট করে। পরবর্তী সময়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২০১১ সালের ১০ জুলাই মৃত্যু হয় মনিরার। এই ঘটনায় মনিরার বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা মামলা দায়ের করে।