শামির পাশে দাঁড়ালেন ভারতকে হারানো পাকিস্তানি তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারাটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কিছু ভারতীয় সমর্থক। সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজেও সীমা ছাড়িয়ে যাচ্ছেন তারা। যার অধিকাংশই মোহাম্মদ শামিকে টার্গেট করে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র মুসলিম ক্রিকেটার শামি। গত রবিবার পাকিস্তানের বিপক্ষে ৩.৫ ওভার বোলিং করে রান দিয়েছেন ৪৩। খরুচে বোলিংয়ে উইকেটও মেলেনি। শুধু শামি কেন, কোনো বোলারই ভারতকে উইকেট এনে দিতে পারেননি। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে কেবল ধর্ম পরিচয়ের কারণে বিস্ফোরক আক্রমণের শিকার হতে হচ্ছে শামিকে।

এমতাবস্থায় ভারতীয় পেসারের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। অথচ ওইদিন প্রতিবেশিদের হারানোর পথে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। করেছেন অপরাজিত ৭৯ রান।

এক টুইট বার্তায় রিজওয়ান বলেন, ‘দেশ এবং দেশের মানুষের জন্য একজন খেলোয়াড়কে যে পরিমাণ চাপ, সংগ্রাম এবং আত্মত্যাগ করতে হয়, তা সত্যিই অতুলনীয়। মোহাম্মদ শামি একজন তারকা খেলোয়াড়। সে সত্যিই বিশ্বের সেরা বোলারদের একজন।

দয়া করে আপনারা নিজেদের তারকাদেরকে সম্মান করুন। খেলাটা মানুষকে কাছাকাছি আনার জন্য। দূরে সরিয়ে দেওয়ার জন্য নয়।’

ইত্তেফাক/টিএ