বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মদিন পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের আয়োজনে পালিত হয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক ইয়াসিফ আহমেদ ফয়সাল। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রতিষ্ঠাকালীন প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মাসুদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি তানভীর কায়সার প্রমুখ। এসময় বক্তারা শেরে বাংলা এ কে ফজলুল হকের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দসহ  কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।