লিটনের পাশে সতীর্থরা

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ ফেলেছেন লিটন কুমার দাস। যা ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গত রবিবার ৫ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচের পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ট্রল, বিষোদগার চলছেই। সর্বত্রই মুণ্ডপাত হচ্ছে লিটনের।

তবে এমন সময় তরুণ এ ক্রিকেটার পাশে পাচ্ছেন দলের সবাইকে। ম্যাচের মোড় ঘুরে গেলেও হারের জন্য লিটনকে দায়ী করছে না কেউই। গতকাল পেস বোলিং কোচ ওটিস গিবসনও বলেছেন, দলের সবাই সমর্থন করছে লিটনকে। ক্যাচ মিস হতেই পারে। ক্যাচ পড়তে পারে যে কারো হাত থেকে। তার দক্ষতার ওপর আস্থা রাখছে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কার বিপক্ষে ভানুকা রাজাপক্ষেকে ১৪ রানে ও চারিথ আসালঙ্কাকে ৬৩ রানে জীবন দিয়েছিলেন লিটন। দুই জনই হাফ সেঞ্চুরি করে ডুবিয়ে দিয়েছেন বাংলাদেশের জয়ের সূর্য।

লিটনের ক্যাচ মিস প্রসঙ্গে গিবসন গতকাল বলেছেন, ‘সে আমাদের সেরা ফিল্ডারদের অন্যতম। বিষয়টা হচ্ছে কয়েকটা ক্যাচ পড়ে গেছে। এটা কখনোই দলের প্রতি তার অবদানকে খাটো করবে না। অবশ্যই, যে কেউ ক্যাচ ফেলতে পারে। এটা নজরে এসেছে, কারণ এসব ক্যাচ ম্যাচের ফলাফলে ভূমিকা রাখছে।’

ফিল্ডার হিসেবে লিটনের দক্ষতার ওপর আস্থা রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। গতকাল গিবসন বলেছেন, ‘সে অনেক দিন ধরে আমাদের মূল খেলোয়াড়দের একজন। বাস্তবতা হচ্ছে, এ পজিশনে অন্য যে কেউ ক্যাচ ফেলতে পারে। আমরা তার দক্ষতা জানি, সে আমাদের মূল খেলোয়াড়। আমরা খেলোয়াড়দের সাপোর্ট করি, সেটা লিটন দাস বা অন্য খেলোয়াড় হোক। কেউ তাকে ম্যাচটার জন্য দায়ী করছে না।’

ব্যাট হাতেও লিটনের সময়টা ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ১৬ রান করে আউট হয়েছেন। এর আগের ম্যাচগুলোতেও নিয়মিত বড় ইনিংস খেলতে পারেননি। এখন সামগ্রিক ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোই লিটনের সামনে মূল চ্যালেঞ্জ।