শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

স্রোতের তীব্রতা বৃদ্ধির কারণে ১৫ দিন বন্ধ থাকার পর আবারও মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মার স্রোত কিছুটা কমে আসায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কুঞ্জলতা নামের একটি ফেরি ৩২টি যানবাহন নিয়ে পরীক্ষামূলক বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে সফলভাবে পৌঁছায়। বেলা পৌনে ১২টার দিকে আবার ঐ ফেরি শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। স্রোতের বর্তমান তীব্রতাসহ খুঁটিনাটি বিষয়ে আলোচনার পর স্বাভাবিকভাবে সীমিত আকারে ফেরি চলাচল শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান।

ফেরি চলাচল শুরু হলে সীমিতভাবে মাঝারি আকৃতির পাঁচটি ফেরি ছোট যানবাহন নিয়ে চলাচল করবে। জরুরি পরিষেবা ও হালকা যানবাহন এই রুটের ফেরি দিয়ে পারাপার হবে।  ১১ অক্টোবর থেকে পদ্মার স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া ও বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। চার দিনের মাথায় ১৫ অক্টোবর ফেরি পরীক্ষামূলক চলাচল করলেও স্রোত না কমার কারণে ফেরি চলাচল বন্ধই থেকে যায়। এর আগে প্রচণ্ড স্রোতে পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর সীমিতভাবে ফেরি সচল থাকলেও সাত দিন পর একই কারণে আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।