গণমাধ্যম জনগণকে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা দেয় :স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যম জনগণকে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে থাকে। জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল কৃষিবিদ ইনস্টিটিউটে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। স্পিকার বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম উজ্জ্বল ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক, বানোয়াট সংবাদ ও প্রোপাগান্ডা সহজেই ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে গণমাধ্যম বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে জনগণকে সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়। বিশেষ অতিথি হিসেবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বক্তব্য রাখেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি—ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাওয়ার্ড কমিটির জুরি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান প্রমুখ।

সব শেষে স্পিকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৩ জন সাংবাদিক এবং টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় পুরস্কার বিজয়ী ৯ জনের হাতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১’ তুলে দেন।