সম্প্রীতির পরিবেশ নিশ্চিতে সরকার সবকিছু করবে —ধর্ম প্রতিমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে তত্পর রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন বিভিন্ন অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আক্রমণ করে দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে একটি গোষ্ঠী। দেশে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে।’ গতকাল সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসরুমে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ক্ষতিগ্রস্ত দেবালয়, মন্দির ও ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যক্তি ও হতাহতদের পুনর্বাসন বিষয়ে এক বিশেষ আলোচনাসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফরিদুল হক খান বলেন, ‘শারদীয় দুর্গাপূজা এবং তারপর সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত দেবালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যক্তি ও হতাহতদের পুনর্বাসন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের মনোবল দ্রুত ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। কাল কুমিল্লা থেকে শুরু করে হাজীগঞ্জ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী হয়ে চট্টগামে যাবেন ট্রাস্টিরা। প্রতিমন্ত্রী এর নেতৃত্ব দেবেন। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে আন্তঃধর্মীয় সংলাপেও অংশ নেবেন তারা। হামলায় নিহত পাঁচ জনকে ৫০ হাজার টাকা অনুদান ছাড়াও ক্ষমিগ্রস্ত নিবন্ধিত স্থায়ী মন্দিরের প্রয়োজনীয় সংস্কারও করে দেওয়া হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বীরেন শিকদার এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, অসীম কুমার উকিল এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ ঘোষ এবং মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি শৈলন্দনাথ মজুমদার উপস্থিত ছিলেন।