সংখ্যালঘু হত্যার বিচার চাই

গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সাম্প্রদায়িক সহিংসতাবিরোধী শান্তি সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবার ওপর হামলা করে। আমরা সংখ্যালঘুদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাই, যারা খুন হয়েছে, তার বিচার চাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ হাজার বছর এখানে একসঙ্গে বসবাস করছে।

তিনি বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে। আজ সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, প্রশাসন দলীয়করণ করেছে। আমাদের সভা সমাবেশ করতে দেয় না। এসব করছে তাদের অবৈধ       ক্ষমতাকে টিকিয়ে রাখতে। আমরা সব সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করি। এ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। আজ আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগের পতন জনগণের দাবিতে পরিণত হয়েছে।

বিএনপির কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে তৈরি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচিতে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার একটা পরিস্থিতি তৈরি করেছে। দুর্গাপূজার মণ্ডপে পবিত্র কোরআন রেখে সেটা ভাইরাল করে একটা পরিস্থিতি তৈরি করেছে।

গয়েশ্বর রায় বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে পৃথিবীর সামনে অপমান করছে এই সরকার। আর গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে নিতে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সিরিজ হামলা চালিয়েছে।