জামিন পেলেন না বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল মঙ্গলবার বোম্বে হাইকোর্টে তার জামিন আবেদনের ওপর শুনানি মুলতুবি রাখা হয়, আজ বুধবার আবারও শুনানি হবে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা গতকাল জামিন না পেলেও মামলার অপর দুই অভিযুক্ত মণীশ গারহিয়া এবং অভিন সাহুর জামিন মঞ্জুর করেছে আদালত।
খবরে বলা হয়েছে, গতকাল বোম্বে হাইকোর্টে বিচারপতি নীতীন সাম্বরের এজলাসে আরিয়ানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবির পক্ষে শুনানি করেন এএসজি অনিল সিং। শুনানিতে মুকুল রোহাতগি বলেন, আরিয়ান খানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি, সে মাদক সেবন করেছে এমন কোনো প্রমাণও এনসিবির হাতে নেই। গ্রেফতার করার পর আরিয়ান খানের মেডিক্যাল টেস্টও করা হয়নি। কোনো ধরনের উপযুক্ত কারণ ছাড়াই আরিয়ান খানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
প্রমোদতরির মাদক মামলায় গ্রেফতার আরিয়ান খান গত ৮ অক্টোবর থেকে জেলে রয়েছেন। তার আইনজীবী বলেন, ঐ প্রমোদতরির পার্টিতে আরিয়ান খান আমন্ত্রিত ছিলেন। তার কাছে কোনো মাদক ছিল না। তাহলে সে কেন জেলে থাকবে। তিনি বলেন, আরিয়ান খান একজন অল্প বয়সি তরুণ, মাদক সেবন করলে তার জেলে যাওয়ার চেয়ে পুনর্বাসন কেন্দ্রে যাওয়া উচিত। আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টের কাছ থেকে মাদক উদ্ধারের কথা বলা হয়েছে। এ বিষয়ে আইনজীবী বলেন, সে আরিয়ান খানের চাকর নন, তার ওপর আরিয়ানের কোনো নিয়ন্ত্রণ নেই। এরপর শুনানি মুলতুবি করেন বিচারপতি। আজ আবারও শুনানি হবে। এর আগে দুই দফা আরিয়ান খানের জামিন আবেদন নাকচ হয়েছে।
এদিকে শুনানির ঠিক আগে হাই কোর্টে হলফনামা জমা দেয় এনসিবি। হলফনামায় এনসিবির পক্ষ থেকে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পূজা দাদলানি মামলার সাক্ষীদের ওপর প্রভাব খাটানোর চেষ্ট করেছে। সাক্ষী প্রভাকর সেইলকে প্রভাবিত করেছেন পূজা। অন্যদিকে ফাঁস হয়েছে আরিয়ানের নতুন হোয়াটসঅ্যাপ চ্যাট।