চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ ৫ যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দায়রা ঘাটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো রাঙামাটি পৌরসভার তবলছড়ির কাঠালতলি এলাকার মো. আলী নেওয়াজের ছেলে মো. ইব্রাহিম নেওয়াজ (৩০), রাঙ্গুনিয়া ঠান্ডাছড়ির সেগুন বাগান এলাকার প্রয়াত আবদুল গফুর তালুকদারের ছেলে মো. রোমান উদ্দিন (৩০), একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন আরাফাত (২৩), প্রয়াত হাজী আবদুল রাজ্জাকের ছেলে মো. শাহজাহান (৩৭), আবদুল আজিজের ছেলে ওমার ফারুক লিটন (৩৪)।
অজয় কুমার পাল জানান, ৫ যুবককে অস্ত্রসহ গ্রেফতারের পর মঙ্গলবার বিকালে রাউজান থানায় সোপর্দ করেছে র্যাব-৭ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৪০০পিস ইয়াবা, দুটি মোটর সাইকেল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ৩টি তাজা রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।