কঠিন সময়ে টাইগারদের ‘ইংরেজি’ পরীক্ষা

ম্যাচ আবুধাবিতে। অনুশীলনও হওয়ার কথা ছিল আবুধাবিতে। বিশ্বকাপে অন্য দলগুলোর মতো বাংলাদেশ দলের বসতি দুবাই শহরে। ফেস্টিভ্যাল সিটির ক্রাউন প্লাজা হোটেল থেকে বাস ভ্রমণে ঘণ্টা দুয়েক দূরত্বে গিয়ে অনুশীলনের ঝক্কিটা এড়িয়ে গেছে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত গতকাল বিকালে দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠেই অনুশীলন সেরেছে টাইগাররা।

ইংল্যান্ডও ভিন্ন কিছু করেনি। বাংলাদেশের পর আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে দলটি। আজ টি-২০ ফরম্যাটে প্রথম সাক্ষাতের আগে আবুধাবি ভ্রমণের চিন্তায় অভিন্ন পথে হেঁটেছে দুই দল। কিন্তু আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নিশ্চিতভাবেই আজ ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর গল্প লেখার চেষ্টায় থাকবে বাংলাদেশ।

বিশ্বকাপের সুপার-১২ পর্বে এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও টাইগারদের চাই জয়। বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ইংল্যান্ডকে হারাতে হবে। শ্রীলঙ্কার কাছে হারের ধাক্কা কাটিয়ে ফিরতে হবে জয়ের ধারায়। আবুধাবিতে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শুরু হবে আজ বিকাল ৪টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ক্যাচ ছেড়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন লিটন দাস। ঐ দুই ক্যাচ মিসেই কার্যত ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। তবে লিটনের দুটি ক্যাচ ফেলার মূল্য কতটা চড়া হতে পারে, তা আগামী কয়েক দিনে স্পষ্ট হয়ে যাবে। কারণ সুপার-১২ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তাদেরকে হারানো যায়নি। আজ থেকে পরের ম্যাচগুলোতে খেলতে হবে ইংল্যান্ড, ওয়েস্টইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই দলগুলো কাগজে-কলমে বাংলাদেশের থেকে শক্তিশালী।

লঙ্কানদের কাছে হেরে তাই চাপটা বেড়েই গেল বটে। কঠিন সময়ে সামনে হাজির ইংল্যান্ডের মতো শক্তিশালী দল। যারা এবার টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। আজ হেরে গেলে সেরা চারে খেলার সম্ভাবনা আরো কমে যাবে। কঠিন হলেও তাই আজ ‘ইংলিশ’ পরীক্ষায় ২২ গজে ভালো উত্তর দিয়ে আসতে হবে মাহমুদউল্লাহদের।

নিজেদের সামর্থ্যের সেরাটা খেললেই আসতে পারে জয়। গতকাল বোলিং কোচ ওটিস গিবসনও বললেন, জিততে হলে সেরা ক্রিকেট খেলতে হবে। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ভুলের সুযোগ কাজে লাগাতে হবে। তবে ক্যারিবিয়ান এ কোচের বিশ্বাস, নিজেদের দিনে বাংলাদেশ হারাতে পারে যে কোনো দলকে।

 গিবসন বলেছেন, ‘আমরা এখানে এসেছি এই বিশ্বাস নিয়ে যে, আমরা যে কোনো দলকে হারাতে পারি। আমাদের প্রথম রাউন্ড খুব কঠিন ছিল। একটু স্নায়ুক্ষয়ী ছিল। আমরা এখন বড় মঞ্চে এসেছি। কিন্তু আমরা এখানে সংখ্যা বাড়াতে আসিনি। আমরা বিশ্বাস করি নিজেদের দিনে আমরা যে কোনো দলকে হারাতে পারি।’

টাইগারদের বোলিং কোচ আরো বলেন, ‘আমরা জানি ইংল্যান্ডের ব্যাটিং লাইন খুব শক্তিশালী। আমাদের সেরা খেলাটা খেলতে হবে, যদি আমরা তাদের চ্যালেঞ্জ জানিয়ে ম্যাচ জিততে চাই।’

প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে স্পিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ইংল্যান্ড। সংবাদ সম্মেলনে জস বাটলার বলেছেন, প্রথম ম্যাচ জিতে চাঙ্গা তাদের দল। এখন বাংলাদেশের চ্যালেঞ্জ পাড়ি দেওয়ার অপেক্ষায় তারা।

গুঞ্জন আছে আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। বিসিবি সূত্র জানায়, কমে যেতে পারে এক জন স্পিনার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ স্টেডিয়ামে গিয়ে উইকেট দেখার পর। এদিকে গতকাল অনুশীলনে ব্যাটিংয়ের সময় নুরুল হাসান সোহানের তলপেটে বল লেগেছে। তবে বিষয়টা খুব গুরুতর নয় বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা বিসিবির মিডিয়া ম্যানেজার।