প্রেমিকের জন্য প্রাসাদ ছাড়লেন রাজকুমারী মাকো

অবশেষে ভালোবাসার মানুষের জন্য রাজপ্রাসাদ ছাড়লেন জাপানের বহুল আলোচিত রাজকন্যা মাকো। মঙ্গলবার সকালে রাজপরিবার ত্যাগ করে দীর্ঘদিনের সহপাঠী এবং বন্ধু কেই কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এর জন্য তাকে যাবতীয় রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়েছে। সব কিছু তিনি মেনে নিয়েছেন ভালোবাসার জন্য।

জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো নারী সদস্য বাইরের কোনো সাধারণ পুরুষকে বিয়ে করলে তার রাজকীয় মর্যাদা হারান। পুরুষ সদস্যদের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম নেই। প্রিন্সেস মাকো রাজকীয় মর্যাদা হারানোর পাশাপাশি রাজপরিবারের সদস্যদের বিয়ের ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা পালন করা হয়, সেগুলোও পরিহার করেছেন। রাজকন্যা চলে গেলে তাকে অর্থ সাহায্য করা হয়, যা দিয়ে তার পরবর্তী জীবন কাটবে। মাকো ১৩ লাখ ডলারের সেই অর্থ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। অর্থাত্, রাজকীয় তহবিলও প্রত্যাখ্যান করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় বিয়ে নিবন্ধনের জন্য টোকিওর বাসভবন ছাড়েন তিনি। বাড়ি ছাড়ার আগে মা-বাবাকে সম্মান প্রদর্শন করেন। জড়িয়ে ধরেন প্রিয় ছোট বোনকে। তারপর গাড়িতে করে বিয়ে করতে যান নিজের দীর্ঘদিনের বন্ধুকে। মাকোর স্বামী একজন মার্কিন আইনজীবী। জাপানি মিডিয়ার একাংশ এই নবদম্পতিকে প্রিন্স হ্যারি এবং মেগান ম্যার্কেলের সঙ্গে তুলনা করতে শুরু করেছে। জাপানের হ্যারি-মেগান বলা হচ্ছে তাদের। তবে এই বিয়ে মেনে নিতে পারেনি জাপানের অনেক সাধারণ মানুষ। তারা এই বিয়ের বিরুদ্ধে গতকাল রাজপথে বিক্ষোভও প্রদর্শন করে। কিন্তু কোনোকিছুই মাকোকে আটকাতে পারেনি তার সিদ্ধান্ত গ্রহণ থেকে।