‘জনতার অধিকার, আমাদের অধিকার’ স্লোগান সামনে রেখে ‘বাংলাদেশ গণ-অধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে প্রীতম-জামান টাওয়ারে নবগঠিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ঘোষণা দেওয়া হয়।
প্রাথমিকভাবে ‘বাংলাদেশ গণ-অধিকার পরিষদ’-এর ৮৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ্ এ এম এস কিবরিয়ার ছেলে ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। আর নুরুল হক নুর রয়েছেন সদস্যসচিব হিসেবে। বাকিরা সবাই নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের বর্তমান ও সাবেক নেতা।
সংবাদ সম্মেলনে নতুন দলের ঘোষণা দিয়ে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, ‘আমরা যখন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছি, তখন পৃথিবী দুটি বড় সংকট মোকাবিলা করছে। আজকে সবার সম্মুখে দাঁড়িয়ে এই প্রত্যয় ঘোষণা করছি যে, আমরা নানান ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।’
দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘বাংলাদেশ গণ-অধিকার পরিষদ’ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই। এটা ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার কোনো মানে হয় না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান নবগঠিত দলটির আহ্বায়ক। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ—এই চার মূলনীতির ভিত্তিতে ‘বাংলাদেশ গণ-অধিকার পরিষদ’ পরিচালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দলটির যুগ্ম-আহ্বায়ক ?মুহাম্মদ রাশেদ খানের উত্থাপিত ২১ দফা রাজনৈতিক কর্মসূচির মধ্যে দুর্নীতি প্রতিরোধ, ক্ষমতার ভারসাম্য, ন্যায়বিচার, সুশাসন, ভোটাধিকার, দূষণ প্রতিরোধ, জ্বালানি-খনিজ সম্পদ রক্ষা ও সামাজিক নিরাপত্তা উল্লেখযোগ্য।
অক্সফোর্ডে উচ্চশিক্ষা নেওয়া ড. রেজা কিবরিয়া ২০১৮ সালে আইএমএফের চাকরি ছেড়ে দেশে ফেরেন। গত সংসদ নির্বাচনে তিনি গণফোরামে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করেন। পরে গণফোরামের সাধারণ সম্পাদক হন তিনি। দলের অভ্যন্তরীণ কোন্দলে ফেব্রুয়ারিতে তিনি গণফোরাম থেকে পদত্যাগ করেন।
নুরুল হক নুর ২০১৮ সালে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। এরপর ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। এ সময় ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অন্তত ১৩ বার আক্রান্ত হন তিনি। তার নামে এখনো অন্তত ১৭টি মামলা রয়েছে।
আত্মপ্রকাশের দিনেই রেজা-নুরের দলকে নিষিদ্ধের দাবি
রেজা-নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ-অধিকার পরিষদ’ আত্মপ্রকাশের দিনেই দলটিকে এবং এর সহযোগী সংগঠন ছাত্র ও যুব অধিকার পরিষদকে ‘জঙ্গি, সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ’। একই সঙ্গে সাম্প্রদায়িক হামলায় মদত দেওয়ার অভিযোগ তুলে রেজা কিবরিয়া ও নুরকে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।
এ দুই দাবিতে গতকাল দুপুরে আধা ঘণ্টার জন্য রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই অবরোধ চলে। অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, বাংলামোটর, সাইন্স ল্যাবরেটরি ও টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।