কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা অষ্টগ্রামে ইজারাদারের অত্যাচারে মাছ ধরতে পারছে না মত্স্যজীবীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন খন্দকার শাহজাহান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অষ্টগ্রামের আব্দুল্লাপুর ইউনিয়নের সানোয়ার খাঁ, খুর্শীদ খাঁ, মোক্তার খাঁ ও মম্নর খাঁ গং শুকনা মৌসুমে মাছ ধরার জন্য আব্দুল্লাপুর কলিমপুরের প্রায় ৬০ একর জলাশয় লিজ নিয়েছে। এ কারণে ঐ এলাকার কৃষকরা ইজারাদারদের অত্যাচারে বর্ষায় হাওর এলাকার জলাশয়, নদী-নালা তলিয়ে ভাসান পানিতে ও নিজের জমিতে মাছ ধরতে পারে না। এ ব্যাপারে সরকারি কোনো নির্দেশনাও নাই। তিনি অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেয় না। ঐ এলাকার ক্ষতিগ্রস্ত মত্স্যজীবীরা প্রতিবাদ করেও কোনো প্রতিকার না পাওয়ায় আইনের আশ্রয় নিতে তাদের পক্ষে খন্দকার শাহজাহান উকিল নোটিশ পাঠিয়েছেন। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত মত্স্যজীবী ছাড়াও ঐ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন মীর, সাখওয়াত হোসেন পিপলু, কামরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, খন্দকার রফিকুল ইসলাম রাজা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি