রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন (৩৩) হত্যা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে জামিন দেয়নি হাইকোর্ট। তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ শুনানি করেন। গত ১৬ মে পল্লবীতে আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাহিনুদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হলেন সাবেক এমপি আউয়াল। চার দিন পর তাকে গ্রেফতার করে র্যাব। নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন এ আসামি।