হাইকোর্টের আদেশ বহাল

রাজারবাগের পিরের সম্পদ ও জঙ্গি সম্পৃক্ততার অনুসন্ধান চলবে

রাজারবাগ দরবার শরীফের পির দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানসমূহের নামে দেশের বিভিন্ন স্থানে যে সব সম্পদ রয়েছে তা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্ট ঐসব সম্পদের উত্স কী তা-ও জানাতে বলেছে দুদককে।

এছাড়া পিরের পৃষ্ঠপোষকতায় ‘উলামা আঞ্জুমান বাইয়্যিনাত’ অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কি না সে বিষয়ে খোঁজ নিতে পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিটকে বলেছে হাইকোর্ট। ৩০ নভেম্বরের আগে দুদক ও কাউন্টার টেরিরিজম ইউনিটকে এই আদেশ প্রতিপালন করতে বলা হয়। উচ্চ আদালতের এই আদেশও বহাল রেখেছে আপিল বিভাগ।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মুহাম্মদ ইমান আলীর সভাপতিত্বে চার বিচারপতির বেঞ্চ আদেশ স্থগিত চেয়ে করা আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দেন। এ সময় আদালতে আবেদনকারী মফিজুল ইসলামের পক্ষে আইনজীবী মুরাদ রেজা এবং রিটকারীর পক্ষে জেডআই খান পান্না ও মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে পিরের সম্পদ অনুসন্ধান ও জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখতে আইনগত বাধা থাকল না।

প্রসঙ্গত, এই পিরের সম্পদ এবং ব্যাংক হিসাব তলব চেয়ে হাইকোর্টে রিট করেন আট ব্যক্তি। রিটকারীগণের দাবি, পিরের মুরিদদের দায়ের করা মিথ্যা মামলায় তারা হয়রানির শিকার হচ্ছেন। বছরের পর বছর জেল খেটেছেন। শুধু সম্পদ লিখে না দেওয়ায় তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেশের বিভিন্ন জেলায় দায়ের করা হয়েছে। ঐ রিটের পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ পিরের সম্পদ অনুসন্ধানে দুদককে নির্দেশ দেয়। এছাড়া বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়েরের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে নির্দেশ দেয় ।

ইত্তেফাক/আরকে